প্রচ্ছদ > জাতীয় >

কুরবানির চাহিদা মেটানো সম্ভব, দেশি পশু দিয়েই : প্রাণিসম্পদমন্ত্রী

article-img

দেশে কুরবানির পশুর পর্যাপ্ত জোগান রয়েছে এবং দেশি পশু দিয়েই এবার চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (২৪ মে) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাট পরিদর্শনে এসে তিনি একথা জানান।

আমিন উর রশিদ বলেন, সীমান্তে অবৈধ পশু আসা রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। হাটগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ঈদের দিন পর্যন্ত প্রশাসনের এই তৎপরতা চালু থাকবে।

কৃষিমন্ত্রী বলেন, এ বছর রাজধানীর সবগুলো পশুর হাটে ব্যবসায়ী, খামারি ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে জাল টাকা চেনার জন্য বিশেষ মেশিন বসানো হয়েছে এবং ব্যাংকিং সেবা চালু করা হয়েছে। 

এ সময় দিয়াবাড়ি হাটের এক গরুর বেপারি কৃষিমন্ত্রীর কাছে হাট থেকে গরু চুরির অভিযোগ জানালে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীকে গরু উদ্ধারের নির্দেশ দেন তিনি। পরে হাটে পশু নিয়ে আসা বেপারি ও খামারিদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

হাট পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।